কুড়িগ্রামে গত এক সপ্তাহ ধরে আবহাওয়ার অবনতি ও তাপমাত্রা নিম্নমুখী রয়েছে। এর মধ্যে গত দুই দিন ধরে সূর্যের দেখা মিলছে না। ঘন কুয়াশা ও মৃদু ঠান্ডা বাতাসে বেড়েছে শীতের অনুভূতি। এতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন শ্রমজীবী ও নিম্ন আয়ের মানুষ।
মঙ্গলবার (১৭ নভেম্বর) জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৯ ডিগ্রি সেলসিয়াস। মাঝরাত থেকে সকাল পর্যন্ত কুয়াশার চাদরে ঢেকে থাকছে চারপাশ। সকাল গড়িয়ে দুপুর হলেও সূর্যের দেখা মিলছে না। ফলে স্বাভাবিক জীবনযাত্রায় কিছুটা ছন্দপতন ঘটেছে।
তাপমাত্রা কমে যাওয়ায় দুর্ভোগে পড়েছেন কৃষক, দিনমজুরসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। জীবিকার তাগিদে ঠান্ডা উপেক্ষা করেই ভোর থেকে কৃষিজমিতে কাজ করছেন কৃষিশ্রমিকেরা। অন্যদিকে শহরের শ্রমজীবী মানুষও শীত উপেক্ষা করে কাজে বের হচ্ছেন।
রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানান, বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ায় দেশের উত্তরাঞ্চলসহ কুড়িগ্রামে আবহাওয়ার পরিবর্তন ঘটেছে। এর প্রভাবে তাপমাত্রা কমেছে। আগামী সপ্তাহ পর্যন্ত এ ধরনের আবহাওয়া বিরাজ করতে পারে।
আবহাওয়ার এমন পরিস্থিতিতে শীতের আগমনী বার্তা অনুভব করছেন কুড়িগ্রামবাসী। বিশেষ করে খেটে খাওয়া মানুষের কাছে এই আবহাওয়া বাড়তি দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
কুড়িগ্রাম প্রতিনিধি 


















