চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম চার মাসে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানিতে ৫ দশমিক ৮২ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। তবে রপ্তানি আয়ের এই ইতিবাচক চিত্রের আড়ালে দেখা দিয়েছে পণ্যবৈচিত্র্যের দুর্বলতা। কারণ, সামগ্রিক প্রবৃদ্ধির প্রায় ৯৭ শতাংশই এসেছে মৌলিক বা বেসিক পোশাক রপ্তানি থেকে। অন্যদিকে উচ্চমূল্যের ও উন্নতমানের পোশাকের রপ্তানি বেড়েছে নামমাত্র। ফলে দেশের তৈরি পোশাক খাতে বেসিক পণ্যের ওপর নির্ভরতা আরও বাড়ছে।
বাংলাদেশ অ্যাপারেল ভয়েসের (বিএভি) সংকলিত রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের জুলাই থেকে অক্টোবর পর্যন্ত বাংলাদেশ মোট ১ হাজার ৩৭৫ কোটি ডলারের তৈরি পোশাক রপ্তানি করেছে। গত অর্থবছরের একই সময়ে এ রপ্তানির পরিমাণ ছিল ১ হাজার ২৯৯ কোটি ডলার। সে হিসাবে এক বছরের ব্যবধানে রপ্তানি বেড়েছে প্রায় ৭৫ কোটি ৬০ লাখ ডলার।
তবে এই প্রবৃদ্ধিতে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে মৌলিক পোশাক। আলোচ্য চার মাসে এ শ্রেণির পোশাক রপ্তানি ৭ দশমিক ২৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৭৮ কোটি ডলারে। রপ্তানি আয়ের অতিরিক্ত ৭৩ কোটি ডলারের মতোই এসেছে এই খাত থেকে, যা মোট প্রবৃদ্ধির প্রায় ৯৭ শতাংশ। ফলে মোট পোশাক রপ্তানিতে বেসিক পোশাকের অংশ গত অর্থবছরের একই সময়ের ৭৭ দশমিক ৩৫ শতাংশ থেকে বেড়ে ৭৮ দশমিক ৪১ শতাংশে দাঁড়িয়েছে।
বেসিক পোশাকের রপ্তানি বৃদ্ধিতে উল্লেখযোগ্য অবদান রেখেছে বটমওয়্যার, সোয়েটার ও টি-শার্ট। এর মধ্যে ট্রাউজারসহ বটমওয়্যার রপ্তানি বেড়েছে ২৮ কোটি ৭০ লাখ ডলার। সোয়েটার ও কার্ডিগানের রপ্তানি বেড়েছে ১৯ কোটি ৫০ লাখ ডলার। আর টি-শার্ট ও ভেস্ট রপ্তানি থেকে আয় বেড়েছে ১৪ কোটি ১০ লাখ ডলার। এই তিন পণ্যশ্রেণি মিলেই মোট পোশাক রপ্তানি বৃদ্ধির প্রায় ৮২ শতাংশ অবদান রেখেছে।
প্রধান পণ্যশ্রেণিগুলোর মধ্যে সবচেয়ে বেশি প্রবৃদ্ধি হয়েছে সোয়েটার রপ্তানিতে। এ খাতে প্রবৃদ্ধির হার ৮ দশমিক ৪৩ শতাংশ। পাশাপাশি ছোট আনুষঙ্গিক পণ্য বা স্মল অ্যাকসেসরিজের রপ্তানি বেড়েছে ১১ দশমিক ২৬ শতাংশ। যদিও এই শ্রেণির রপ্তানির পরিমাণ তুলনামূলক কম, মাত্র ৪ কোটি ৬০ লাখ ডলার।
অন্যদিকে শার্ট ও ব্লাউজ নিয়ে গঠিত আধা-মৌলিক বা সেমি-বেসিক পোশাকের রপ্তানিতে তেমন গতি দেখা যায়নি। জুলাই-অক্টোবর সময়ে এ শ্রেণির রপ্তানি বেড়েছে মাত্র ১ দশমিক ২৩ শতাংশ। রপ্তানির পরিমাণ দাঁড়িয়েছে ১১১ কোটি ডলারে। এতে মোট পোশাক রপ্তানিতে সেমি-বেসিক পণ্যের অংশ ৮ দশমিক ৪২ শতাংশ থেকে কমে ৮ দশমিক ০৫ শতাংশ হয়েছে।
উচ্চমূল্যের ও উন্নতমানের পোশাকের রপ্তানি পরিস্থিতি আরও হতাশাজনক। আলোচ্য সময়ে এ শ্রেণির পণ্যের রপ্তানি প্রবৃদ্ধি হয়েছে মাত্র শূন্য দশমিক ৬৭ শতাংশ। মোট রপ্তানির পরিমাণ দাঁড়িয়েছে ১৮৬ কোটি ডলারে। ফলে সামগ্রিক পোশাক রপ্তানির প্রবৃদ্ধিতে এ খাতের বাড়তি অবদান মাত্র ১ কোটি ২০ লাখ ডলার।
উন্নত পোশাকের কয়েকটি উপশ্রেণিতে রপ্তানি বাড়লেও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পণ্যে নেতিবাচক প্রবৃদ্ধি দেখা গেছে। আউটারওয়্যার বা বাইরের পোশাক রপ্তানি বেড়েছে ৩ কোটি ৮০ লাখ ডলার। টেকনিক্যাল ওয়্যারের রপ্তানি বেড়েছে ১ কোটি ৬০ লাখ ডলার। তবে একই সময়ে ড্রেসের রপ্তানি কমেছে ১২ দশমিক ৮৩ শতাংশ। স্পোর্টসওয়্যার ও অ্যাকটিভওয়্যারের রপ্তানি কমেছে ৮ দশমিক ২৪ শতাংশ এবং স্যুট ও এনসেম্বলের রপ্তানি কমেছে ১৪ দশমিক ৯৭ শতাংশ। এই তিন শ্রেণির পোশাকের রপ্তানি সম্মিলিতভাবে প্রায় ৪ কোটি ১০ লাখ ডলার কমেছে।
এর প্রভাব পড়েছে মোট রপ্তানিতে উন্নত পোশাকের অংশেও। গত অর্থবছরের একই সময়ে মোট পোশাক রপ্তানিতে এ শ্রেণির পণ্যের অংশ ছিল ১৪ দশমিক ২৩ শতাংশ। চলতি অর্থবছরের প্রথম চার মাসে তা কমে দাঁড়িয়েছে ১৩ দশমিক ৫৪ শতাংশে।
সংশ্লিষ্ট রপ্তানি পরিসংখ্যান বিশ্লেষণে দেখা যায়, অর্থবছরের প্রথম প্রান্তিকে যে প্রবণতা দেখা গিয়েছিল, চার মাসের হিসাবেও তার পরিবর্তন হয়নি। বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধি অব্যাহত থাকলেও তা মূলত প্রচলিত ও মৌলিক পণ্যনির্ভর। বিপরীতে উচ্চমূল্যের পোশাকের রপ্তানি প্রত্যাশিত হারে বাড়ছে না। ফলে রপ্তানি আয় বাড়লেও পণ্যবৈচিত্র্যের ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি হচ্ছে না। বরং আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের পোশাক রপ্তানির কাঠামোতে বেসিক পণ্যের আধিপত্য আরও জোরালো হচ্ছে।
আ.আ.ডেস্ক রিপোর্ট 


















