মৌলভীবাজারে টানা দুই দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে পাকা আমন ধান ঘরে তোলা নিয়ে বিপাকে পড়েছেন কৃষকেরা। বৃষ্টির কারণে ব্যাহত হচ্ছে ধান কাটা, মাড়াই ও শুকানোর কাজ। ফলে মাঠে কাটা ধান নিয়ে দুশ্চিন্তায় দিন কাটছে কৃষকদের। অন্যদিকে অনেক কৃষক বৃষ্টির কারণে পাকা ধান কাটতে না পেরে জমিতেই রেখে দিয়েছেন।
কৃষকেরা জানান, বুধবার (১৮ নভেম্বর) রাত থেকে জেলায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়। এরপর থেকে আকাশ মেঘাচ্ছন্ন থাকায় দেখা মিলছে না পর্যাপ্ত রোদের। এতে পাকা ধান কাটার পাশাপাশি কেটে রাখা ধান মাড়াই ও শুকানো নিয়ে সমস্যায় পড়েছেন তারা। অগ্রহায়ণ মাসে ধান ঘরে তোলার মৌসুমে হঠাৎ এমন বৃষ্টিতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে কৃষকদের।
স্থানীয় কৃষক সুহান মিয়া বলেন, ‘আমন ধান পুরোপুরি পেকে গেছে। গত এক সপ্তাহ ধরে ধান কাটা শুরু করেছি। কিন্তু বৃষ্টির কারণে রোদ নেই। কাটা ধান মাড়াই করতে পারছি না, শুকানোও যাচ্ছে না। ধান কাটার জন্য শ্রমিক এনেছি, কিন্তু কাজ করাতে না পারলেও তাদের মজুরি দিতে হচ্ছে।’
সরেজমিনে জেলার কমলগঞ্জ, রাজনগর ও কুলাউড়াসহ বিভিন্ন উপজেলা ঘুরে দেখা যায়, অনেক কৃষক কাটা ধান মাঠেই রেখে দিয়েছেন। বৃষ্টির কারণে সেগুলো মাড়াই করতে পারছেন না। কেউ কেউ ধানের স্তূপ করে সড়কের পাশে ত্রিপল দিয়ে ঢেকে রেখেছেন। আবার অনেক কৃষক জমিতে পাকা ধান থাকলেও বৃষ্টির কারণে কাটতে পারছেন না।
রাজনগর উপজেলার কৃষক মিজান আহমেদ বলেন, ‘আমি প্রায় এক একর জমির ধান কেটেছি। কিন্তু বৃষ্টির কারণে সেগুলো মাড়াই করতে পারছি না। যেসব ধান মাড়াই করেছি, সেগুলোও শুকানো যাচ্ছে না। এখনো মাঠে প্রায় দুই একর জমির ধান কাটা বাকি। সব মিলিয়ে হঠাৎ বৃষ্টিতে আমাদের সব পরিকল্পনা এলোমেলো হয়ে গেছে।’
শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের সূত্রে জানা যায়, শুক্রবার (২০ নভেম্বর) সকাল ৬টা থেকে শনিবার (২১ নভেম্বর) সকাল ৬টা পর্যন্ত মৌলভীবাজার জেলায় ৯ দশমিক ৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, চলতি মৌসুমে মৌলভীবাজার জেলায় প্রায় এক লাখ হেক্টর জমিতে আমন আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। নির্ধারিত লক্ষ্যমাত্রা অনুযায়ী আবাদ সম্পন্ন হয়েছে। বর্তমানে অধিকাংশ জমির আমন ধান পেকে যাওয়ায় কৃষকেরা ধান কাটতে শুরু করেছেন।
মৌলভীবাজার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. জালাল উদ্দীন বলেন, ‘সাম্প্রতিক বৃষ্টিতে আমন ধানের কোনো ক্ষতি হবে না। বরং বৃষ্টির কারণে বিভিন্ন ধরনের সবজির উপকার হয়েছে। কৃষকেরা ইতোমধ্যে আমন ধান কাটা শুরু করেছেন। আশা করছি, কিছুদিনের মধ্যেই সব ধান কাটা সম্পন্ন হবে।’
তবে কৃষকদের আশঙ্কা, বৃষ্টির স্থায়িত্ব বাড়লে ধান কাটা, মাড়াই ও শুকানোর কাজে আরও বিলম্ব হতে পারে। এতে ধান ঘরে তোলা নিয়ে তাদের ভোগান্তিও বাড়বে।
মৌলভীবাজার প্রতিনিধি 



















