মাত্র এক লাখ টাকা সীমার ক্রেডিট কার্ড ব্যবহার করে অভিনব কৌশলে ৪ কোটি ৫৪ লাখ ১৩ হাজার টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ (এনপিএসবি) নেটওয়ার্কের মাধ্যমে বিভিন্ন ব্যাংকের এটিএম বুথ ব্যবহার করে দীর্ঘদিন ধরে এই জালিয়াতি চালিয়ে আসছিলেন তিনি। অবশেষে ব্যাংক কর্তৃপক্ষের দায়ের করা মামলার তদন্তে টানা ৩৬ ঘণ্টার অভিযান চালিয়ে অভিযুক্ত ব্যক্তি ও তার স্ত্রীকে বগুড়া থেকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারের সময় তাদের কাছ থেকে নগদ ১৫ লাখ টাকা, বিভিন্ন ব্যাংকের সাতটি এটিএম কার্ড, তিনটি চেক বই এবং জালিয়াতির কাজে ব্যবহৃত দুটি স্মার্টফোন উদ্ধার করা হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) দুপুরে নওগাঁ পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।
গ্রেফতারকৃতরা হলেন নওগাঁর বদলগাছী উপজেলার আক্কেলপুর মধ্যপাড়ার মো. শহিদুল ইসলাম রিপন (৩৭) ও তার স্ত্রী মালিহা তাবচ্ছুম নিশি (২৮)। শহিদুল ইসলাম ইসলামী ব্যাংকের নওগাঁ শাখার একজন বিনিয়োগ গ্রাহক ছিলেন।
পুলিশ সুপার জানান, ২০১৫ সালে শহিদুল ইসলামের নামে এক লাখ টাকা সীমার একটি ‘খিদমাহ ক্রেডিট কার্ড’ ইস্যু করে ইসলামী ব্যাংকের নওগাঁ শাখা। পরবর্তীতে ওই কার্ড ও পূবালী ব্যাংকের এটিএম/সিআরএম বুথের এনপিএসবি নেটওয়ার্ক ব্যবহার করে অভিনব পদ্ধতিতে ব্যাংক হিসাবে ধারাবাহিকভাবে অননুমোদিত অর্থ স্থানান্তর শুরু করেন তিনি।
প্রথমদিকে প্রতিটি লেনদেনে এক লাখ টাকার কম অর্থ স্থানান্তর করা হলেও পরবর্তীতে তা বাড়িয়ে আড়াই লাখ টাকা পর্যন্ত নেওয়া হয়। এভাবে গত বছরের জুন থেকে চলতি বছরের ৯ নভেম্বর পর্যন্ত ৪২০টিরও বেশি লেনদেনের মাধ্যমে ইসলামী ব্যাংকের মোট ৪ কোটি ৫৪ লাখ ১৩ হাজার টাকা আত্মসাতের ঘটনা ঘটে।
৩৬ ঘণ্টার অভিযানে ধরা পড়লেন স্বামী-স্ত্রী
ব্যাংক কর্তৃপক্ষের অভিযোগের ভিত্তিতে নওগাঁ সদর মডেল থানায় মামলা দায়েরের পর তদন্তে নামে পুলিশ। একপর্যায়ে তথ্যপ্রযুক্তি ও বিভিন্ন তথ্যের ভিত্তিতে বগুড়া সদরের বিভিন্ন এলাকায় টানা ৩৬ ঘণ্টা অভিযান চালিয়ে শহিদুল ইসলাম ও তার স্ত্রীকে গ্রেফতার করা হয়।
পরে গ্রেফতারকৃতদের দেওয়া তথ্য অনুযায়ী, বগুড়ায় তাদের শয়নকক্ষের কাঠের আলমারির বিশেষ গোপন স্থানে লুকিয়ে রাখা নগদ ১৫ লাখ টাকা উদ্ধার করা হয়। এ সময় সাতটি এটিএম কার্ড ও তিনটি চেক বইও জব্দ করে পুলিশ।
আত্মসাৎ করা টাকায় কেনেন জমি, চলত বিলাসী জীবন
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত দম্পতি জালিয়াতির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।
তাদের দেওয়া তথ্য অনুযায়ী, আত্মসাৎ করা অর্থের প্রায় দেড় কোটি টাকা দিয়ে বগুড়ায় জমি কেনা হয়েছে। বাকি অর্থ দিয়ে তারা বিলাসী জীবনযাপন করতেন।
তবে এই জালিয়াতির ঘটনায় ব্যাংকের অভ্যন্তরীণ কোনো কর্মকর্তা-কর্মচারী কিংবা অন্য কোনো চক্র জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। ঘটনার পেছনে জড়িত অন্যদের শনাক্ত করতে তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার।
নিজস্ব প্রতিবেদক নওগাঁ 



















