ইরানের ভূখণ্ডে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল নতুন করে হামলা চালালে তাৎক্ষণিক ও কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে তেহরান। একই সঙ্গে মার্কিন সামরিক অভিযান পরিচালনায় সহযোগিতার অভিযোগ তুলে বাহরাইনসহ উপসাগরীয় কয়েকটি দেশের কাছে ক্ষতিপূরণ দাবি করেছে ইরান।
শুক্রবার (১৩ নভেম্বর) জাতিসংঘের নিরাপত্তা পরিষদে দেওয়া বক্তব্যে ইরানের প্রতিনিধি এ হুঁশিয়ারি দেন।
তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি শাসকগোষ্ঠী নতুন করে কোনো আগ্রাসী যুদ্ধ শুরু করলে বিন্দুমাত্র দ্বিধা ছাড়াই তার তাৎক্ষণিক ও কঠোর জবাব দেওয়া হবে।’
ইরানের প্রতিনিধি আরও বলেন, যেকোনো স্থান থেকে হামলা চালানো হোক না কেন, পাল্টা জবাবের লক্ষ্যবস্তু হবে হামলার মূল উৎস। এ সময় যুক্তরাষ্ট্রের প্রতি সামরিক অভিযান বন্ধ, অবরোধ প্রত্যাহার এবং ভবিষ্যতে ইরানের ওপর আর কোনো হামলা চালানো হবে না—এমন নিশ্চয়তা দেওয়ার দাবি জানান তিনি।
বক্তব্যে উপসাগরীয় কয়েকটি দেশের বিরুদ্ধে অভিযোগ তুলে ইরানের প্রতিনিধি বলেন, এসব দেশ নিজেদের ভূখণ্ড, আকাশসীমা ও সামরিক স্থাপনা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার কাজে ব্যবহারের সুযোগ দিচ্ছে। এ কারণে তাদের দায়বদ্ধ করতে হবে এবং ইরানের ক্ষয়ক্ষতির জন্য ক্ষতিপূরণ দিতে হবে।
বিশেষ করে বাহরাইনের প্রতিনিধির সঙ্গে বিতর্কের সময় দেশটির নাম উল্লেখ করে তিনি অভিযোগ করেন, তেহরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান পরিচালনায় সহযোগিতা করেছে বাহরাইন।
তবে ইরানের এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছে বাহরাইন। দেশটির প্রতিনিধি বলেন, আত্মরক্ষার অধিকারের অজুহাতে প্রতিবেশী দেশগুলোর ওপর হামলার বৈধতা দিতে পারে না তেহরান। একই সঙ্গে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ২৮১৭ নম্বর প্রস্তাব পূর্ণাঙ্গভাবে বাস্তবায়নের আহ্বান জানান তিনি। ওই প্রস্তাবে উপসাগরীয় দেশগুলো ও জর্ডানের ওপর ইরানের হামলার নিন্দা জানানো হয়েছিল।
যেভাবে শুরু হয় সংঘাত
উল্লেখ্য, ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি ইরানে ব্যাপক বিমান হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এসব হামলায় ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনার পাশাপাশি দেশটির শীর্ষ পর্যায়ের নেতারাও লক্ষ্যবস্তু হন। এতে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন।
এর জবাবে ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় ইরান। এ সময় উপসাগরীয় কয়েকটি দেশেও হামলার ঘটনা ঘটে।
প্রায় দেড় মাসের সংঘাতের পর ৭ এপ্রিল যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি হয়। পাকিস্তানের মধ্যস্থতায় দুই দেশের মধ্যে আলোচনা শুরু হয়। পরে ১৭ জুন একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের মাধ্যমে সামরিক অভিযান বন্ধ, হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে পরবর্তী সময়ে আলোচনার বিষয়ে সমঝোতা হয়।
তবে সেই সমঝোতা বেশিদিন স্থায়ী হয়নি। জুলাইয়ে আবারও সংঘাত শুরু হয়। এরপর থেকে দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি হামলা, হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিয়ে বিরোধ এবং যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।
বিশ্বের গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালি দিয়ে উল্লেখযোগ্য পরিমাণ জ্বালানি তেল পরিবহন করা হয়। ফলে এ অঞ্চলের সংঘাতের প্রভাব পড়ছে আন্তর্জাতিক জ্বালানি বাজারেও।
এদিকে সাম্প্রতিক সময়ে কাতার, পাকিস্তানসহ কয়েকটি দেশ সংঘাত বন্ধে কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচি, অর্থনৈতিক নিষেধাজ্ঞা এবং হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে মতপার্থক্য এখনো রয়ে গেছে।
সূত্র: আল জাজিরা।
আ.আ.আন্তর্জাতিক ডেস্ক 



















